গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্বশত্রুতা ও পারিবারিক বিরোধের জেরে সংঘটিত অতর্কিত হামলায় একই পরিবারের পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ১১ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ১৮/৪৭৭।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন একরামুল হকের চিৎকার শুনে তাঁকে উদ্ধার করতে পরিবারের সদস্য মোফাজ্জল, মমিতন, মুঞ্জুরুল ও এনেকা ঘটনাস্থলে ছুটে যান। এ সময় হামলাকারীরা রামদা, হাসুয়া, ছোরা, সুলফি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে একরামুল হকসহ একই পরিবারের পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে তিনজন গুরুতর জখম হন।
আহতদের চিৎকার শুনে স্থানীয় বাসিন্দা মো. তোক্কাজুল হক প্রধান (৬০), মো. আনিক প্রধান (২৭) ও মো. নুরুল ইসলাম শেখসহ (৩৫) আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত একরামুল হক ও তাঁর জ্যাঠা মোফাজ্জলের শারীরিক অবস্থার অবনতি এবং অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে স্বজনেরা অ্যাম্বুলেন্সযোগে তাঁদের বগুড়ায় নিয়ে হাসপাতালে ভর্তি করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, গুরুতর আহতদের চিকিৎসা ও দেখভালের কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়। পরে ১১ জনের নাম উল্লেখ করে গোবিন্দগঞ্জ থানায় মামলাটি দায়ের করা হয়। বাদীপক্ষ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা হয়েছে। হামলার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

