মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): মৃত্যুর আগে থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো বিচার পাননি কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌরশহরে হামলার শিকার বিভাটেকচালক মো. আজাহার মিয়া (৪২)। বিনা চিকিৎসা ও অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর কোলে ঢলে পড়ার পর এবার দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁর শোকাহত পরিবারের সদস্যরা।
নিহত মো. আজাহার মিয়া কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর পৌর এলাকার আশ্রবপুর মহল্লার মৃত ফজলু মিয়ার ছেলে। তাঁর পরিবারে স্ত্রী নূপুর বেগম ছাড়াও রয়েছে তিন মেয়ে- অনন্যা (২০), অনামিকা (১০), আনিকা (৭) এবং দুই বছরের শিশুপুত্র আরিয়ান। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় পড়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের ৮ আগস্ট সকাল ১০টার দিকে আজাহার মিয়া তাঁর বিভাটেক গাড়ি নিয়ে কুলিয়ারচর পৌরসভার পূর্ব পাশে দেলোয়ার হোসেনের দোকানের সামনে যান। সেখানে পার্শ্ববর্তী ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী নয়াহাটী গ্রামের তাঁরা মিয়ার ছেলে সোহেল মিয়া (৪৫) ও বাবর আলীর ছেলে মাঈন উদ্দিনসহ অজ্ঞাতনামা কয়েকজন তাঁর গাড়ি ভাড়া করে আগরপুর যাওয়ার কথা বলেন।
আজাহার রিজার্ভ ভাড়া ২০০ টাকা চাইলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাঁরা আজাহারের ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ফুলে যাওয়া ও নীলাজখমের সৃষ্টি হয়। পাশাপাশি তাঁর বিভাটেক গাড়ি ভাঙচুর করে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করা হয়।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। সেখানে তিন দিন চিকিৎসা নেওয়ার পর তিনি বাড়ি ফিরে যান। তবে তখন শরীরের অভ্যন্তরীণ আঘাতের গভীরতা বুঝতে পারেননি আজাহার।
ঘটনার একদিন পর হামলার প্রমাণ হিসেবে একটি ভিডিও উপস্থাপন করে হাসপাতালে চিকিৎসাধীন আজাহার মিয়ার পক্ষে তাঁর বোনেরা কুলিয়ারচর থানায় সোহেল মিয়া ও মাঈন উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেন। পরিবারের অভিযোগ, তৎকালীন সময়ে পুলিশ অভিযোগটি গ্রহণ করলেও শুধু তদন্তের আশ্বাস দেয়। রহস্যজনক কারণে অভিযোগটি এজাহার হিসেবে নথিভুক্ত না করে বিভিন্ন অজুহাতে তাঁদের ঘোরাতে থাকে। একপর্যায়ে বিচার পাওয়ার আশা ছেড়ে দেন আহত আজাহার মিয়া। তখনো তিনি জানতেন না, তাঁর শরীরের অভ্যন্তরীণ আঘাত কতটা গুরুতর।
এরপর গত ৩ নভেম্বর রাত ৮টার দিকে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ বাজারে ফাহিম খান (২৫) নামের এক ব্যক্তির সঙ্গে একটি বিষয় নিয়ে তর্কের একপর্যায়ে প্রতিপক্ষের চড়-থাপ্পড়ে তিনি পুনরায় আঘাত পান বলে পরিবারের দাবি। এরপর তাঁর শরীরে জ্বর দেখা দেওয়ার পাশাপাশি শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। অর্থাভাবে উন্নত পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা করাতে না পারায় শরীরের অভ্যন্তরীণ আঘাতের প্রকৃত অবস্থা তখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
অবশেষে শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে গত ৭ নভেম্বর শনিবার সকালে স্বজনেরা তাঁকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার আরও অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক ৯ নভেম্বর সোমবার রাতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে দুই দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত ১২ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
নিহতের ছোট বোন মোছা. অজুফা বেগম ও মোছা. নিলুফা আক্তার নীলা অভিযোগ করে বলেন, ঘটনার পরদিন থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ কোনো আইনি পদক্ষেপ নেয়নি। পরবর্তী সময়ে ভাইয়ের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রেখে গত ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টার দিকে তাঁরা কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের কাছে যান। সেখানে আহত বড় ভাইয়ের দাখিল করা লিখিত অভিযোগটি পুনরায় উপস্থাপন করে এজাহারভুক্ত করার অনুরোধ জানান। কিন্তু ওসি তাঁদের কথায় কর্ণপাত না করে আদালতে মামলা করার পরামর্শ দিয়ে ফিরিয়ে দেন বলে অভিযোগ করেন তাঁরা।
চিকিৎসকদের বরাত দিয়ে ছোট বোন অজুফা বেগম ও নিলুফা আক্তার জানান, পরীক্ষা-নিরীক্ষায় তাঁদের ভাইয়ের কিডনি নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি জানা যায়। তাঁদের দাবি, আগের হামলায় পাওয়া আঘাতের কারণে তাঁর শরীরে গুরুতর জটিলতা তৈরি হয়েছিল। মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্নও ফুটে উঠেছিল। তাঁদের অভিযোগ, গত বছরের হামলা এবং পরবর্তী সময়ে ঘটে যাওয়া ঘটনার জেরে সৃষ্ট শারীরিক জটিলতার কারণেই আজাহার মিয়ার মৃত্যু হয়েছে।
তাঁরা এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি স্থানীয় সংসদ সদস্য ও সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মৃত্যুর আগে আজাহার মিয়া পরিবারের সদস্যদের কাছে তাঁর ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আকুতি জানিয়ে গেছেন বলেও পরিবারের সদস্যরা জানান।
এ ব্যাপারে অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁদের কাউকে পাওয়া যায়নি। ফলে এ বিষয়ে তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অন্যদিকে চিকিৎসকদের ভাষ্য, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হননি।

