সর্বশেষ :
8 Nov 2026, Sun

তালায় ষড়যন্ত্র ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন

তালায় ষড়যন্ত্র ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে সাংবাদিক সম্মেলন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নজরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যা মামলা দায়েরের প্ররোচনা, অপপ্রচার ও ভুয়া সংবাদ প্রকাশের অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন নুর ইসলাম সরদার নামে এক ব্যক্তি।

রবিবার (৮ নভেম্বর) সকালে তালা প্রেসক্লাবের হলরুমে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। নুর ইসলাম সরদার উপজেলার ডাঙ্গানলতা গ্রামের বাসিন্দা। তিনি মৃত আবুল হোসেন সরদারের ছেলে।

লিখিত বক্তব্যে নুর ইসলাম সরদার বলেন, তিনি লোকমুখে শুনেছেন, স্থানীয় বিএনপি নেতারা বলেছেন—জাতীয় পার্টির উপজেলা সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস এম নজরুল ইসলামের পক্ষে যারা কথা বলবেন, তাঁদের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হবে। এর পরদিন ভোরে কে বা কারা তাঁর বিচালির গাদায় আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় তিনি তালা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

তিনি অভিযোগ করে বলেন, ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এস এম নজরুল ইসলাম তাঁদের বাড়িতে গিয়ে তালা সদর ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী ফারুক হোসেন জোয়ার্দারের বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেন। এ মামলা পরিচালনার জন্য দুই থেকে তিন লাখ টাকা কিংবা যত টাকা প্রয়োজন, তার সবই তিনি দেবেন বলে জানান। তবে আগুন দেওয়ার ঘটনায় কাউকে দেখেননি বলে তিনি মামলা করতে রাজি হননি।

নুর ইসলাম আরও বলেন, তাঁর বিচালির গাদায় আগুন দেওয়ার পরপরই সাংবাদিক নজরুলের কর্মী বাবলু মোহরী তাঁদের বাড়িতে যান এবং ভিডিও সাক্ষাৎকার দেওয়ার জন্য বলেন। এ সময় বিএনপির নেতাদের নাম বলার জন্যও তাঁকে পরামর্শ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। তাঁদের আপত্তি সত্ত্বেও বিএনপির নেতাকর্মী ও ফারুক জোয়ার্দারকে জড়িয়ে মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে বলে দাবি করেন নুর ইসলাম। তিনি প্রশ্ন তুলে বলেন, বিচালির গাদায় আগুন দেওয়ার খবর গ্রামের মানুষ জানার আগেই বাবলু মোহরী কীভাবে জানতে পারলেন?

লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে তিনি কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন বলে যে অভিযোগ প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা। গত জাতীয় সংসদ নির্বাচনে তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে তিনি গলায় ধানের শীষের প্রতীকসংবলিত কার্ড ঝুলিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।

এ সময় এস এম নজরুল ইসলামের কথিত অপপ্রচার সম্পর্কে জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *