আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): ‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আমিরুল ইসলাম সভায় স্বাগত বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুদীপ দাশ রিংকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ইয়াকুব আলী ও উপজেলা খাদ্য কর্মকর্তা দীপক চন্দ্র মণ্ডল। সভায় বক্তব্য দেন মির্জাপুর বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি মছদ্দর আলী।
আলোচনা সভায় বক্তারা সমবায়ের গুরুত্ব, সমবায়ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডের প্রসার এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে সমবায় আন্দোলনের ভূমিকা তুলে ধরেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়, শ্রীমঙ্গল, মৌলভীবাজার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

