আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): ‘করব সমবায়, গড়ব দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রোববার (৮ নভেম্বর) সকালে র্যালি শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা সুফিয়া নার্গিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাহিদ হাসান।
আলোচনা সভায় অতিথিরা বলেন, সমবায় হলো পারস্পরিক সহযোগিতা ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের একটি কার্যকর মাধ্যম। সমবায় আন্দোলনকে শক্তিশালী করতে হলে সততা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে সমবায় সমিতিগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, জেলা জামায়াতের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি প্রভাষক সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন সমবায় সমিতির শতাধিক সদস্যের মধ্যে পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণ করা হয়।

