সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পর যাত্রীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আগামী ৭ নভেম্বর থেকে ঢাকা-দাম্মাম-ঢাকা রুটে নিয়মিত ফ্লাইট পুনরায় চালু হচ্ছে। তবে নিরাপত্তার কারণে এ রুটে শুধু দিনের বেলায় ফ্লাইট পরিচালনা করা হবে। অন্যদিকে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার (৩ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৭ নভেম্বর থেকে দাম্মাম রুটে নিয়মিত ফ্লাইট চলাচল পুনরায় শুরু হবে। তবে যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত কেবল দিনের বেলায় এসব ফ্লাইট পরিচালিত হবে।
অন্যদিকে, রিয়াদগামী যাত্রীদের একটি বড় অংশ বর্তমানে বিকল্প রুটে ভ্রমণ করায় এ পথে যাত্রী চাহিদা আশানুরূপ নয়। এ পরিস্থিতিতে সার্বিক বিষয় বিবেচনা করে ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
টিকিট পুনর্নির্ধারণ ও ভ্রমণসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যাত্রীদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিকটস্থ সেলস সেন্টারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।

