সর্বশেষ :
3 Nov 2026, Tue

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনে আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের মজুরি আন্দোলনে আহত গোবিন্দগঞ্জের তৌফিকের মৃত্যু

গোবিন্দগঞ্জ: গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে হামলায় গুরুতর আহত গাইবান্ধার গোবিন্দগঞ্জের তৌফিক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ সকালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত তৌফিক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবি খাঁর ছেলে। তিনি ছয়ঘরিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে তৌফিক গাজীপুরের বাংলাবাজার এলাকায় অবস্থান করছিলেন। সেখানে গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনে তিনি অংশ নেন। আন্দোলনের একপর্যায়ে বিক্ষোভকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষ ও হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করার চেষ্টা করলে তৌফিকের ওপর চড়াও হন হামলাকারীরা। তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে আন্দোলনরত শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।

একজন তরুণ শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে তাঁর পরিবার, সহপাঠী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও শোকাহত পরিবারের সদস্যরা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *