ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): নানা আয়োজনের মধ্য দিয়ে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১ নভেম্বর) দুপুরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
ব্যাটালিয়ন সদরের কোয়ার্টার গার্ডে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম। দুপুরে প্রীতিভোজ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কে এম ওবায়দুল হক। এ সময় খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল ইফতেখারুল আলম বেগ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর গত এক বছরের সাফল্য তুলে ধরা হয়। এ সময়ে প্রায় এক কোটি টাকা মূল্যের চোরাচালানি মালামাল ও ৪ হাজার ১৫৫ ঘনফুট অবৈধ কাঠ আটক করা হয়েছে। পৃথক অভিযানে একটি এসএমজি ও ১ হাজার ৫০০ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়।
এ ছাড়া গত ১৯ মে দুইজন সশস্ত্র জেএসএস সদস্য একটি অ্যাসল্ট রাইফেল, একটি শর্টগান ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ আত্মসমর্পণ করেন।
পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষা, ধর্মীয় উৎসবে নিরাপত্তা প্রদান এবং সীমান্ত সুরক্ষায় পেশাদারির সঙ্গে দায়িত্ব পালন করেছে ব্যাটালিয়নটি। এ ছাড়া আঞ্চলিক আন্তঃব্যাটালিয়ন আজান ও ক্বিরাত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এবং ফায়ারিং প্রতিযোগিতায় রানারআপ হওয়ার গৌরব অর্জন করেছে পানছড়ি ব্যাটালিয়ন।

