ঢাকা: বেতন বৃদ্ধির দাবিতে তৈরি পোশাকশ্রমিকদের আন্দোলন ও সংঘর্ষের জেরে মেট্রোরেলের মিরপুর এলাকার তিনটি স্টেশনে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বেলা ১টা ৫৮ মিনিটে সব স্টেশন খুলে দেওয়া হয় এবং মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, রোববার বেলা ১১টা ৩৮ মিনিটে মিরপুর-১০ স্টেশন বন্ধ করা হয়। এর ১০ মিনিট পর কাজীপাড়া স্টেশনের গেট বন্ধ করে ট্রেন থামানো বন্ধ রাখা হয়। পরে দুপুর ১২টা ২৪ মিনিটে পল্লবী স্টেশনেও ট্রেন থামানো বন্ধ করা হয়।
ডিএমটিসিএল সূত্রে জানা যায়, পোশাকশ্রমিকদের আন্দোলন সংঘর্ষে রূপ নিলে স্টেশনের নিচের সড়কে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে মেট্রোরেল পুলিশ ঝুঁকিপূর্ণ স্টেশনগুলোতে ট্রেন না থামানোর সুপারিশ করে। পরে নিরাপত্তার স্বার্থে তিনটি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার গেট বন্ধ করে দেওয়া হয়। তবে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল অব্যাহত ছিল।
ডিএমটিসিএলের পরিচালক (অপারেশন অ্যান্ড মেনটেন্যান্স) মো. নজরুল ইসলাম জানান, ঝুঁকি বিবেচনায় তিনটি স্টেশনে সাময়িকভাবে ট্রেন থামানো বন্ধ রাখা হয়েছিল। পর্যায়ক্রমে স্টেশনগুলো চালু করা হয়। বেলা ১টা ৫৮ মিনিটে সব স্টেশন খুলে দেওয়া হলে মেট্রোরেল চলাচল পুরোপুরি স্বাভাবিক হয়।

