সর্বশেষ :
25 Oct 2026, Sun

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

রমজান শুরু ৮ ফেব্রুয়ারি, ঈদুল ফিতর ৯ মার্চ

২০২৭ সালের পবিত্র রমজান মাস ও গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম নিউজ এজেন্সি সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ ঈদুল ফিতর উদযাপনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর পালিত হবে ৫ মার্চ দিবাগত রাতে।

কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসনের বর্ষপঞ্জি অনুযায়ী, আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এর আগের দিন, ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।

বর্ষপঞ্জিতে অন্যান্য গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসের তারিখও উল্লেখ করা হয়েছে। সে অনুযায়ী, ৪ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে। এ ছাড়া ১৫ জুন আশুরা এবং ১৪ আগস্ট দিবাগত রাত থেকে ১৫ আগস্ট পর্যন্ত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালিত হওয়ার কথা রয়েছে। একই বর্ষপঞ্জিতে ২৪ ডিসেম্বর দিবাগত রাতেও শবে মেরাজের আরেকটি তারিখ উল্লেখ করা হয়েছে।

কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন জানিয়েছে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ও দিবসগুলোর তারিখ এক দিন এগিয়ে বা পিছিয়ে যেতে পারে।

অন্যদিকে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার, পবিত্র রমজান মাস শুরু হতে পারে। এ ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে সেদিন রাতে তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা এবং পরদিন থেকে রোজা রাখা শুরু করবেন।

গালফ নিউজের জ্যোতির্বৈজ্ঞানিক পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ১০ মার্চ, বুধবার, ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাজাখস্তানের ধর্মীয় প্রশাসনের ক্যালেন্ডারে ঈদুল ফিতরের তারিখ ৯ মার্চ উল্লেখ করা হয়েছে। চাঁদ দেখার নিয়ম ও সংশ্লিষ্ট দেশের সিদ্ধান্তের কারণে তারিখে পার্থক্য হতে পারে।

উল্লেখ্য, ২০২৬ সালে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল ১৯ ফেব্রুয়ারি। মাসব্যাপী রোজা শেষে ২০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হয়।

সূত্র: কাজইনফর্ম ও গালফ নিউজ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *