কুষ্টিয়া: কুষ্টিয়ার শীর্ষ সন্ত্রাসী ও চরমপন্থী সংগঠনের নেতা জাহাঙ্গীর কবির লিপটনের সহযোগী এবং জাসদ গণবাহিনীর নেতা কালুর বিশ্বস্ত সহযোগী মাসুম ওরফে বোমা মাসুমকে আটক করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) সকালে তাকে আটক করে কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা (ডিবি) শাখা।
পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ও কাঞ্চনপুরসহ পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে জাসদ গণবাহিনীর নেতা কালুর নির্দেশনায় এবং জাহাঙ্গীর কবির লিপটনের সহযোগিতায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল সে। তাকে আটকের জন্য কুষ্টিয়া জেলা পুলিশ বেশ কিছুদিন যাবৎ চেষ্টা চালিয়ে আসছিল।
সোমবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া সদর উপজেলার কাঞ্চনপুর ইউনিয়নের শৈলগাড়ি গ্রামে মাসুমের নিজ বাড়িতে অতর্কিত অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে মাসুমকে আটক করা হয়। আটককালে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি এবং ২টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এই চক্রটি আবারও মরিয়া হয়ে উঠেছে বলে এলাকাবাসী ধারণা করছে। এলাকাবাসী আরও জানান, লিপটন জেলে থাকায় তার সহযোগীরা নতুন করে তাদের বাহিনী পুনর্গঠন করে এলাকায় সক্রিয় হয়েছে এবং অস্ত্রের মহড়া দিচ্ছে।
এলাকাবাসীর মতে, মাসুমকে রিমান্ডে নিলে আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। কারণ এখনো বিপুল পরিমাণ অস্ত্র দুর্গাচারা ও আশপাশের বিভিন্ন গ্রামে লিপটনের অস্ত্রভাণ্ডার হিসেবে তার সহযোদ্ধাদের কাছে রয়ে গেছে। তারা আরও জানান, গত জুন মাসে লিপটন সেনাবাহিনীর হাতে যেসব অস্ত্রসহ ধরা পড়েছিল, তা তাদের মোট অস্ত্রের মাত্র ৫ শতাংশও ছিল না।
এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন এলাকার সাধারণ ও নিরীহ মানুষ। এছাড়া তারা জানান, গত বছর ফেব্রুয়ারি মাসে জোতপাড়া গ্রামের আতিয়ার খাঁ হত্যাকাণ্ডের সঙ্গে প্রত্যক্ষভাবে এই মাসুমসহ তাদের চরমপন্থী সন্ত্রাসী বাহিনী জড়িত ছিল।
এই মাসুম ২০২৫ সালের জুলাই মাসের দিকে ডাকাতি ও চাঁদাবাজি মামলায় বাঁশগ্রাম পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিল। এছাড়াও তার নামে একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে কুষ্টিয়া জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, “আমি একটু যশোরে গিয়েছিলাম, সেখান থেকে ট্রেনে কুষ্টিয়া ফিরছি। আপনি বাদীর সঙ্গে যোগাযোগ করেন।” এ কথা বলে তিনি এসআই জনির মোবাইল নম্বর দেন।
পরবর্তীতে এসআই জনির সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত সোমবার আনুমানিক আড়াইটার দিকে আলফা-২-এর নির্দেশে তার বাড়ি থেকে অস্ত্রসহ মাসুমকে আটক করা হয়। মাসুমের বিরুদ্ধে আজই তিনি বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি অস্ত্র মামলা দায়ের করেছেন।

