ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে বরাদ্দকৃত অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে পরিষদের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত আবেদনকারীদের মাঝে এসব অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেনের উপস্থিতিতে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের ব্যয়ভার মেটানোর লক্ষ্যে ১১৯ জন শিক্ষার্থীর মাঝে ২৭ লাখ ৬০ হাজার টাকা, চিকিৎসা সহায়তার জন্য ১১ জনকে ৯ লাখ ৫৫ হাজার টাকা প্রদান করা হয়।
এছাড়া জীবন-জীবিকার মানোন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে আপদকালীন পরিস্থিতি মোকাবেলায় জি.আর খাত হতে ৬৩ জনকে ১ কোটি ২৯ লাখ ৫০ হাজার টাকা এবং শিক্ষা ও সংস্কৃতির সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে ৭ জনকে ৮ লাখ ৪০ হাজার টাকা প্রদান করা হয়। এভাবে মোট ১ কোটি ৭৫ লাখ ৫ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য প্রফেসর আব্দুল লতিফ, সদস্য লিটন মনি চাকমা, সদস্য মো. মাহবুবুল আলম এবং পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলা মং মারমা উপস্থিত ছিলেন।

