ঢাকা: বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথ পড়ান।
রেওয়াজ অনুযায়ী জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর রাষ্ট্রপতি তাকে গোপনীয়তার শপথ পাঠ করান। পরে স্বাক্ষরের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
এরপর রাষ্ট্রপতি ২৫ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। শপথ ও স্বাক্ষরের পর তাদের আনুষ্ঠানিকতা শেষ হয়। পরে ২৪ জন প্রতিমন্ত্রীও শপথ নেন। তাদের স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জায়মা রহমান। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি অন্তত এক হাজার অতিথি উপস্থিত ছিলেন।

