সর্বশেষ :
20 Oct 2026, Tue

লাভের হাসি কৃষকের মুখে: পাঁচবিবিতে বাড়ছে হলুদ চাষ

লাভের হাসি কৃষকের মুখে: পাঁচবিবিতে বাড়ছে হলুদ চাষ

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): সব ধরনের তরকারি রান্নায় মসলা হিসেবে ব্যবহার হয় হলুদ। রান্নাঘর ছাড়াও বিভিন্ন ধরনের প্রসাধনী তৈরি ও রং শিল্পের কাঁচামাল হিসেবে হলুদ ব্যবহার করা হয়। নানান কাজে ব্যবহৃত এই হলুদের চাষাবাদ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্র কৃষকরা করে আসছেন। খরচ কম ও লাভ বেশি হওয়ায় উপজেলার কৃষকরা উচ্চফলনশীল মরিচবাটি, বোল্ডার ও গাঙ্গনিসহ বিভিন্ন জাতের হলুদ চাষ করছেন। পাবনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, রাজশাহী, নওগাঁ, রাজবাড়ী, ময়মনসিংহ ও নীলফামারী জেলায় মূলত হলুদের চাষ ব্যাপক হলেও এ উপজেলায় দিন দিন এর আবাদ বৃদ্ধি পাচ্ছে।

উপজেলার সীমান্তবর্তী কড়িয়া গ্রামের চাষি নওশাদ মন্ডল বলেন, এ বছর ১ বিঘা জমিতে মরিচবাটি জাতের হলুদ চাষ করেছি। অন্য ফসলের তুলনায় হলুদ চাষে খরচ কম ও রোগবালাইও কম। এছাড়া শ্রমিক খরচ কম লাগে এবং রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করতে হয় না। এ কারণে লাভ ভালো হয়েছে।

স্থানীয় পাইকার শহিদুল ইসলাম বলেন, কৃষকদের কাছ থেকে হলুদ কিনে দেশের বিভিন্ন আড়তে পৌঁছে দেই।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, এ বছর উপজেলার ১০৫ হেক্টর জমিতে হলুদ চাষ হয়েছে। হলুদের জমিতে সাথী ফসল হিসেবে বিভিন্ন ফসল চাষ করা যায়। হলুদে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি-৬, ম্যাগনেসিয়াম, ভিটামিন সি, ক্যালসিয়াম, লৌহ ও ক্যারোটিন। এতে বিদ্যমান কারকিউমিন নামক রাসায়নিক উপাদানটি স্বতন্ত্র রং ও গন্ধ দেয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বলেও জানান তিনি।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *