বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার সরইয়ে অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় আবারও শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। ধারাবাহিক সাফল্যের এই ধারা বজায় রাখায় প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দের বন্যা বইছে।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর প্রতিষ্ঠানটি থেকে মোট ৬০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে সবাই উত্তীর্ণ হয়েছে। তাদের মধ্যে জিপিএ-৫ (এ প্লাস) পেয়েছে ১৭ জন, এ গ্রেড পেয়েছে ৪২ জন এবং এ মাইনাস পেয়েছে একজন। অর্থাৎ, প্রতিষ্ঠানটির পাসের হার শতভাগ।
প্রতিষ্ঠানটিতে বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক- এই তিনটি বিভাগে শিক্ষার্থীরা অধ্যয়ন করছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১২ জন এবং মানবিক বিভাগ থেকে ৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

পাহাড়ি জনপদে মানসম্মত শিক্ষার বিস্তার, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে কোয়ান্টাম দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শিক্ষকদের আন্তরিকতা, শিক্ষার্থীদের অধ্যবসায় এবং অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করে যাচ্ছে।
এবারের ফলাফলে ১৭ জনের জিপিএ-৫ অর্জন এবং শতভাগ পাসের সাফল্য প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করেছে। পাহাড়ের শিক্ষাঙ্গনে কোয়ান্টামের এ অর্জন নিঃসন্দেহে একটি ইতিবাচক দৃষ্টান্ত।
শিক্ষার্থীদের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টরা জানান, কঠোর অধ্যবসায়, নিয়ম-শৃঙ্খলা এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনেও সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রাখতে তাঁরা সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

