বেলাল আহমদ, লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলা রিকশাচালক সমবায় সমিতি লিমিটেড (রেজি. নং-০৪/বান)-এর বৈধ কমিটি ও সমবায় কর্মকর্তাকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংগঠনের কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সভাপতি বাদশা মিয়া।
সংবাদ সম্মেলনে সভাপতি বাদশা মিয়া অভিযোগ করে বলেন, সংগঠনের গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী একটি বৈধ ও নিবন্ধিত কমিটি বহাল থাকা সত্ত্বেও একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল নিজেদের অবৈধভাবে সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ দাবি করে আসছে। ওই মহলটি লামা উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদাকে কেন্দ্র করে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে এবং সংগঠনের ঐতিহ্য ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি আরও বলেন, রিকশাচালকদের এই ঐতিহ্যবাহী সংগঠনটিকে কোনোভাবেই বিতর্কিত বা ক্ষতিগ্রস্ত করতে দেওয়া হবে না। কুচক্রী মহলের কাল্পনিক ও ভিত্তিহীন অপপ্রচারে কান না দেওয়ার জন্য সংগঠনের সব সদস্য ও স্থানীয় সচেতন মহলের প্রতি আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, স্বার্থান্বেষী মহল যদি অবিলম্বে এই অপচেষ্টা ও উচ্ছৃঙ্খল মনোভাব বন্ধ না করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক এবং সাধারণ রিকশাচালক ও সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

