সর্বশেষ :
24 Oct 2026, Sat

রৌমারীতে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ

রৌমারীতে বিজিবির অভিযানে ৯০ লাখ টাকার ভারতীয় থান কাপড় ও ইঞ্জিনচালিত নৌকা জব্দ

শাহের আলী, রৌমারী (কুড়িগ্রাম): “চোরাচালানের বিরুদ্ধে বিন্দুমাত্র ছাড় নয়” এমন মনোভাব সামনে রেখে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি) চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১১টায় নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধীনস্থ সাহেবের আলগা বিওপির টহলদল চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১০৪৭/এমপি থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার নদীপথে মেকুরআলগা নামক স্থান থেকে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড় ও একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় সুপার শাইন স্যুটিং থান কাপড় ২ হাজার ২৫৬ মিটার, প্রিমিয়াম স্যুটিং থান কাপড় ১ হাজার ৮০০ মিটার, অপটিমিস্ট-২ থান কাপড় ২১৬ মিটার এবং চাংচাই (CHANGCHAI) ইঞ্জিনসহ একটি ভারতীয় নৌকা। জব্দ করা মালামালের সিজার মূল্য ৯০ লাখ ৬৪ হাজার টাকা।

জব্দ করা ইঞ্জিনচালিত নৌকাসহ ভারতীয় বিভিন্ন প্রকার থান কাপড় রৌমারী কাস্টমসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জামালপুর ব্যাটালিয়নের (৩৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, বিজিওএম, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

বিজিবি মহাপরিচালক ঘোষিত মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নের লক্ষ্যে সীমান্তে মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধ এবং সীমান্ত সুরক্ষায় দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *