মো. মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতী বিলের একডালা ও খাজুরা বিল এলাকায় মৎস্যসম্পদ সংরক্ষণ, অভয়াশ্রমের সুরক্ষা এবং অবৈধভাবে মাছ আহরণ প্রতিরোধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৭০টি নিষিদ্ধ চায়না রিং জাল জব্দ করা হয়। পরে জব্দ করা জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
একই অভিযানে ২৬ বস্তা শামুক উদ্ধার করে পুনরায় বিলের পানিতে অবমুক্ত করা হয়। পাশাপাশি বিলের স্বাভাবিক পানিপ্রবাহ ও জলজ পরিবেশ সুরক্ষায় স্থায়ী কাঠামো তৈরিতে ব্যবহৃত প্রায় ৪০০ মিটার দীর্ঘ বানা অপসারণ করা হয়।
নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম হোসেনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নলডাঙ্গা উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সাঈদ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তার দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানা-পুলিশের সদস্যরা।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, হালতী বিলের জীববৈচিত্র্য রক্ষা, দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তার নিশ্চিত করা এবং মৎস্যসম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

