শ্রীনগর (মুন্সিগঞ্জ): র্যাবের হাতে আটক বাঘড়ার আলোচিত হারুন খান। তিনি এক সময় জাতীয় পার্টি, বিএনপি ও বিকল্প ধারার রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাল্যবন্ধু পরিচয় দিয়ে তিনি থানা-সহ বিভিন্ন দপ্তরে প্রভাব খাটাতেন বলে এলাকায় আলোচনা রয়েছে। ইদানীংও তাকে শ্রীনগর থানায় নিয়মিত যাতায়াত করতে দেখা যেত।
রবিবার রাতে বাঘড়া এলাকার রুদ্রপাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। একপর্যায়ে সন্ত্রাসীরা রুদ্রপাড়ার একটি বাড়িতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এতে নারী ও শিশুসহ অন্তত ১৪ জন আহত হন।
ঘটনার সংবাদ পেয়ে র্যাব-১০ দ্রুত ঘটনাস্থলে সাঁড়াশি অভিযান চালায়। এ সময় অভিযান চালিয়ে হারুন খান, মান্নান খান ও মিজানকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

