ঢাকা: রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৩ লক্ষ ১৫ হাজার টাকা মূল্যের ১০৫০ পিস ইয়াবাসহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদকবিরোধী অভিযানে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর নিয়মিত তৎপরতার অংশ হিসেবে এই সফলতা এসেছে।
র্যাব-১০ সূত্র জানায়, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৩৫ মিনিটের দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল মাতুয়াইল এলাকায় এই সফল অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, হাফিজুল্লাহ (২২), পিতা- হাবিবুল্লাহ, সাং- মহেশখালীয়া পাড়া, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার ও মো. শিহাবুল হাসান (২৪), পিতা- মো. জিল্লুর রহমান, সাং- মদনপুর, থানা- মনিরামপুর, জেলা- যশোর।
র্যাব জানায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে আসছিল এবং তা রাজধানীর যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করত। উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব কর্তৃপক্ষ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে অব্যাহত থাকবে।

