ফরিদপুর: গণধর্ষণ মামলার এজাহারনামীয় আসামি মো. অসীম শেখ (২২)-কে ফরিদপুরের নিউমার্কেট এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। মঙ্গলবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ২০:৩০ ঘটিকায় র্যাব-১০-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, গত ০১/০৬/২০২৫ তারিখ দুপুর আনুমানিক ১৪:১০ ঘটিকায় ফরিদপুর জেলার নিউমার্কেট এলাকার একটি আবাসিক হোটেলে প্রতারণার মাধ্যমে এক নারীকে আটক রেখে ভয়ভীতি প্রদর্শন করে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটে।
এই ঘটনায় ভুক্তভোগী নারী নিজেই ফরিদপুর জেলার কোতোয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানার মামলা নং- ০৬, তারিখ- ০৫/০৬/২০২৫ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) তৎসহ ৩৪৩/৫০৬ পেনাল কোড, ১৮৬০-তে মামলা রুজু হয়।
গণধর্ষণে জড়িত আসামিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-১০-এর অধিনায়কের কাছে একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। সেই অধিযাচনপত্রের ভিত্তিতেই র্যাব-১০ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামি মো. অসীম শেখকে (পিতা- আব্দুল সালাম শেখ, সাং- মৃগী, থানা- কোতোয়ালী, জেলা- ফরিদপুর) গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

