খুলনা: আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং শহরে যানবাহন শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্য নিয়ে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ও কাঁচা বাজার আড়ৎ মালিক সমিতির উদ্যোগে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদককে ‘না’ বলা, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে আইন মেনে গাড়ি চালানো এবং সঠিক উপায়ে ব্যবসা পরিচালনার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কেএমপি কমিশনার জনাব মো. জুলফিকার আলী হায়দার আইন-শৃঙ্খলা রক্ষায় সকলের সম্মিলিত দায়িত্ব পালনের উপর জোর দেন। তিনি বলেন, ট্রাক চালক ও ব্যবসায়ীরা ট্রাফিক ও অন্যান্য আইন মেনে চললে শহরের যানবাহন চলাচল শৃঙ্খলাপূর্ণ ও নিরাপদ হবে। তিনি একই সাথে মাদক ও যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখার অঙ্গীকার করেন। পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দেন। তিনি মোবাইল আসক্তি থেকে শিশুদের দূরে রেখে তাদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানোর উপর বিশেষ জোর দেন।
খুলনা নগরীকে একটি আদর্শ স্থান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, খুলনা নগরীকে আমরা এমন এক জায়গায় নিতে চাই যেখানে ব্যবসা-বাণিজ্য হবে স্বচ্ছ, পরিবহন চলবে নিয়মমাফিক, এবং নাগরিকরা থাকবে নিরাপদ।
সভায় খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন ও কাঁচা বাজার আড়ৎ মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা পুলিশ কমিশনারের কাছে তাঁদের বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন এবং শহরের শৃঙ্খলা রক্ষায় কেএমপি’র সাথে যৌথভাবে কাজ করার আশ্বাস প্রদান করেন।
সভায় অন্যদের মধ্যে কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব সুদর্শন কুমার রায়সহ ইউনিয়ন ও সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

