ব্রাহ্মণপাড়া (কুমিল্লা): কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বার) নূরুল ইসলামের বাড়ির ছাদ থেকে ১০০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ইউপি সদস্যের এক সহযোগীকে আটক করা হলেও অভিযান চলাকালীন ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেছেন ইউপি সদস্য (মেম্বার) নূরুল ইসলাম। সোমবার (২০ অক্টোবর) দুপুরে পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর শশীদলে ইউপি সদস্য নূরুল ইসলামের বাড়ির পাশে বাঁশঝাড়ে প্রথমে তল্লাশি চালানো হয়। সেখান থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে কাউছার (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত কাউছারের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ নূরুল ইসলাম মেম্বারের বাড়ির ছাদে অভিযান চালায়। সেখানে শুকানো অবস্থায় আরও ৬০ কেজি গাঁজা পাওয়া যায়। মোট ১০০ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
আটককৃত কাউছার শশীদলের মৃত আব্দুল হাকিমের ছেলে এবং তিনি পলাতক ইউপি সদস্য নূরুল ইসলামের সহযোগী বলে পুলিশ জানিয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শশীদল ইউনিয়ন পরিষদের সদস্য নূরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ কেজি গাঁজা উদ্ধার ও কাউছার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। অভিযানের সময় মেম্বার ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান এবং পলাতক ইউপি সদস্যকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

