সর্বশেষ :
19 Oct 2026, Mon

জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি কনটেন্ট প্রচার করলে বিনা নোটিশে সাইট ব্লক- সরকারের কঠোর হুঁশিয়ারি

জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি কনটেন্ট প্রচার করলে বিনা নোটিশে সাইট ব্লক- সরকারের কঠোর হুঁশিয়ারি

ঢাকা: অনলাইন প্ল্যাটফর্ম, ওয়েবসাইট, মোবাইল অ্যাপ্লিকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইলেকট্রনিক মিডিয়ায় জুয়া, বেটিং বা পর্নোগ্রাফি সম্পর্কিত কনটেন্ট প্রচারের প্রবণতা বাড়ায় এবার কঠোর অবস্থানে গেল সরকার। এখন থেকে কোনো সংবাদপত্র (এর অনলাইন সংস্করণসহ), নিউজ পোর্টাল, ইলেকট্রনিক মিডিয়া বা ওয়েবসাইটে এ ধরনের কনটেন্ট প্রচারিত হলে সংশ্লিষ্ট সাইট বিনা নোটিশে ব্লক করে দেওয়া হবে।

সরকার জানিয়েছে, এসব কার্যক্রম সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর পরিপন্থী ও দণ্ডনীয় অপরাধ। দেশের সাইবার স্পেসকে নিরাপদ, নৈতিক ও প্রজন্মবান্ধব রাখতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

কর্তৃপক্ষ জানায়, জুয়া, বেটিং এবং পর্নোগ্রাফি সম্পর্কিত বিজ্ঞাপন ও প্রমোশনাল কনটেন্ট প্রচারের প্রবণতা সম্প্রতি বৃদ্ধি পেয়েছে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট পক্ষকে আগেও একাধিক প্রজ্ঞাপন ও প্রেস রিলিজের মাধ্যমে সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও কিছু গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে জুয়া বা বেটিং সম্পর্কিত বিজ্ঞাপন প্রচার অব্যাহত থাকায় সরকার এবার কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।

 

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সাইবার স্পেসকে নিরাপদ রাখতে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ), জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্র (এনটিএমসি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) যৌথভাবে কাজ করছে। সর্বোচ্চ সতর্কতা ও কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

কিছু প্রতিষ্ঠানের নীতি পরিবর্তনে সাধুবাদ: সরকারি সতর্কতার পর ইতোমধ্যে ক্রিকইনফো, জনকণ্ঠ, ঢাকা পোস্টসহ বেশ কয়েকটি অনলাইন মাধ্যম ও পত্রিকা তাদের গুগল অ্যাডসেন্স ও বিজ্ঞাপন নীতি পরিবর্তন করেছে। এজন্য কর্তৃপক্ষ তাদের ধন্যবাদ জানিয়েছে। সরকার আশা করছে, সব গণমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও বিজ্ঞাপন সংস্থা এই নির্দেশনা মেনে দেশের সাইবার পরিবেশকে নিরাপদ রাখতে সহযোগিতা করবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *