মুন্সীগঞ্জ প্রতিনিধি: জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং জেলা যুব উন্নয়ন অধিদপ্তর, মুন্সীগঞ্জ-এর আয়োজনে রোববার (০৭ ডিসেম্বর) তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে শিল্পকলা একাডেমি মিলনায়তনে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শেখ মো. নাসির উদ্দিন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক তরুণ-তরুণী, যুব সংগঠক এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, তরুণরাই দেশের ভবিষ্যৎ সম্পদ। মাদক, বেকারত্ব ও সামাজিক অবক্ষয় রোধে যুব সমাজকে আরও সচেতন হতে হবে এবং ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত থাকতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, বর্তমান সরকার যুবকদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। দক্ষ জনশক্তি তৈরিতে সরকার বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে এবং পাশাপাশি বিভিন্ন ভাতাও প্রদান করছে। তিনি আরও বলেন, সঠিকভাবে প্রশিক্ষণ গ্রহণ করে তা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে তরুণরা আগামীর বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

