সর্বশেষ :
19 Oct 2026, Mon

মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভা

মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সংবর্ধনা ও মতবিনিময় সভা

দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির (SMC) সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার ডায়ারকুম এলাকার মারুয়াপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শারমিন আখতার।

বিদ্যালয়ের নবনির্বাচিত পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি মোরাদ হোসেন ও অভিভাবক সদস্য আজাহার খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামরুন নাহার ও সহকারী শিক্ষক মো. হুমায়ুন কবির।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শারমিন আখতার বলেন, একটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিক মূল্যবোধ ও শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি নবনির্বাচিত পরিচালনা কমিটিকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেন, বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে পরিচালনা কমিটি আন্তরিকভাবে কাজ করবে। বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন। তিনি দায়িত্ব পালনে সবার পরামর্শ ও সহযোগিতা কামনা করেন।

সহ-সভাপতি মোরাদ হোসেন বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সুসম্পর্ক ও নিয়মিত মতবিনিময় অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, পড়াশোনায় মনোযোগী করা এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে পরিচালনা কমিটি প্রয়োজনীয় উদ্যোগ নেবে।

মতবিনিময় সভায় বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, বিদ্যালয়ের পরিবেশ উন্নয়ন, শিক্ষক-অভিভাবকদের মধ্যে সমন্বয় এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

পরে নবনির্বাচিত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটির সদস্যসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *