মনিরুল ইসলাম ডাবলু (নাটোর): নাটোরে মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগস্ট) বাদ আসর আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য বেগম সুফিয়া হক, কাজী শাহ আলম, হাবিবুর রহমান হেলাল, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, রফিকুল ইসলামসহ জেলা বিএনপির সদস্যবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন একজন ক্রীড়া সংগঠক ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত একজন মানুষ। বিশেষ করে দেশের ক্রিকেট ও ক্রীড়ার উন্নয়নে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। রাজনীতির বাইরে থেকেও তিনি দেশের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছেন।
তাঁর অকালমৃত্যু পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের জন্য গভীর শোকের কারণ হয়ে দাঁড়ায়। আজ তাঁর জন্মদিনে আমরা তাঁর জীবনের ভালো কাজগুলো স্মরণ করছি। একই সঙ্গে মহান আল্লাহর কাছে দোয়া করি—আল্লাহ যেন তাঁকে ক্ষমা করেন, তাঁর কবরকে প্রশস্ত ও নূরে পরিপূর্ণ করেন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
আলোচনা সভা শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

