ফরিদপুর: ফরিদপুর জেলার ভাঙ্গায় ১৫ কেজি গাঁজাসহ মো: কামাল খাঁন (৪৬) নামে এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ৭:৩০ ঘটিকার সময় র্যাব-১০, সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প) এর একটি চৌকস আভিযানিক দল ভাঙ্গা টোল প্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন কামাল খাঁনকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মো: কামাল খাঁন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানাধীন বাহাড়া খাঁনপাড়া গ্রামের মৃত তফসির খাঁনের ছেলে। র্যাব জানায়, কামাল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ফরিদপুরসহ বিভিন্ন থানায় ইতিপূর্বেও ৬টি মাদক মামলা রয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও ভাঙ্গাসহ দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১০ এর পক্ষ থেকে জানানো হয়েছে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে তারা বদ্ধপরিকর। তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় (ভাঙ্গা থানা) হস্তান্তর করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

