সর্বশেষ :
19 Oct 2026, Mon

বিডি ক্লিন-এর উদ্যোগে পরিচ্ছন্ন দোহার ফায়ার সার্ভিস

বিডি ক্লিন-এর উদ্যোগে পরিচ্ছন্ন দোহার ফায়ার সার্ভিস

দোহার (ঢাকা): পরিচ্ছন্ন মানসিকতার চর্চায় এক অনন্য উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন হলো দোহার ফায়ার সার্ভিস ও এর আশপাশের এলাকা। শুক্রবার (১৭ অক্টোবর) বিডি ক্লিন- ঢাকা (দক্ষিণ) দোহার উপজেলা টিম-এর সাপ্তাহিক পরিচ্ছন্নতা ইভেন্টটি সফলভাবে সম্পন্ন হয়। এই মহৎ কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে দোহারের তারুণ্য, যারা প্রমাণ করেছে যে সুন্দর সমাজ গঠনের জন্য পরিচ্ছন্নতা এক অপরিহার্য ধাপ।

পরিচ্ছন্নতা অভিযানে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পাশাপাশি হাত বাড়িয়ে দেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও সদস্যরাও। এই যৌথ প্রয়াস একদিকে যেমন তারুণ্যের শক্তি ও দায়িত্বশীলতার পরিচয় বহন করে, তেমনি ফায়ার সার্ভিসের সহযোগিতা ভবিষ্যৎ প্রজন্মকে একটি নতুন বার্তা দেয়।

আয়োজকরা জানান, নোংরা-আবর্জনা কেবল পরিবেশের ক্ষতি করে না বরং মনেরও দূষণ ঘটায়। পরিবেশ পরিষ্কার থাকলে জীবনযাত্রার মান উন্নত হয় এবং রোগমুক্ত থাকা যায়। এই উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে, যা একটি পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্নপূরণে সহায়ক হবে। তারা বলেন, পরিচ্ছন্নতাই হোক আমাদের জীবনের ব্রত। সম্মিলিত প্রচেষ্টাই পারে একটি সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে। আসুন সবাই সচেতন হই, আর একটা ময়লাও যত্রতত্র নয়।

পরিচ্ছন্ন মানসিকতার তারুণ্যের এই দায়িত্বশীল পদক্ষেপ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতা ভবিষ্যতে এমন আরও উদ্যোগের প্রেরণা যোগাবে বলে মনে করছেন স্থানীয়রা। পরিচ্ছন্ন মানসিকতার চর্চায় যোগ দিয়ে একজন আদর্শবান সুনাগরিক হয়ে ওঠার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছে বিডি ক্লিন-এর দোহার উপজেলা টিম।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *