সর্বশেষ :
20 Oct 2026, Tue

দোহারে বান্ধবীদের সাথে গোসলে গিয়ে নিখোঁজ ২য় শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

দোহারে বান্ধবীদের সাথে গোসলে গিয়ে নিখোঁজ ২য় শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

দোহার (ঢাকা): ঢাকার দোহারে বান্ধবীদের সাথে খালের পানিতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ২০ ঘণ্টা পর ভেসে উঠলো দ্বিতীয় শ্রেণির ছাত্রী ইত্তেফার লাশ। রোববার (১৯ অক্টোবর) সকাল ৯টার দিকে চর পুরুলিয়া চারঘাটা এলাকায় ইত্তেফার লাশটি ভেসে উঠে। নিহত ইত্তেফা ওই এলাকার ইসলাম শিকদারের ছোট মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর ১টার দিকে ইত্তেফার মায়ের নিষেধ অমান্য করে ইত্তেফা এবং তার বান্ধবী মারুফা ও রাইসা বাড়ির পাশের খালে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে হঠাৎ ইত্তেফা পানিতে তলিয়ে যেতে শুরু করে। এ সময় বাঁচার জন্য সে বান্ধবী মারুফার হাত ধরার চেষ্টা করলে মারুফাও পানিতে পড়ে যায়।

ঠিক সেই মুহূর্তে পাশ দিয়ে যাওয়া একটি জেলে নৌকা মারুফাকে টেনে তুলতে সক্ষম হলেও ইত্তেফা তার আগেই গভীর পানিতে তলিয়ে যায়। ঘটনার পর পরই এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অনেক খোঁজাখুঁজি করেও ইত্তেফাকে খুঁজে পায়নি। নিখোঁজের প্রায় ২০ ঘণ্টা পর আজ রোববার সকাল ৯টার দিকে চর পুরুলিয়া চারঘাটা এলাকায় ইত্তেফার লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পরিবারকে খবর দেয়।

ইত্তেফার সাথে থাকা বান্ধবী মারুফা জানায়, তারা কেউই সাঁতার জানতো না। ইত্তেফা ডুবে যাওয়ার সময় তাকে টেনে ধরার ফলেই সেও পানিতে ডুবে যাচ্ছিল।

ইত্তেফার এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *