টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপি ঘোষিত প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনের মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুব্ধ বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ সময় তারা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়ক এবং ঢাকা-টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে এ বিক্ষোভ মিছিল করেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীর কর্মী-সমর্থকরা। এ সময় প্রায় ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ মিছিল শেষে বাসস্ট্যান্ডের আনারস চত্বরে বক্তব্যে নেতারা বলেন, জনবিচ্ছিন্ন নেতা মাহবুব আনাম স্বপন ফকির-কে মনোনয়ন বাতিল করে দুঃসময়ের রাজপথের ত্যাগী, কারা-নির্যাতিত নেতা কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে মনোনয়ন দিতে হবে। মনোনয়ন পরিবর্তন না করা পর্যন্ত বিএনপি নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী পক্ষের নেতাকর্মী ও সমর্থকরা এ আন্দোলন চালিয়ে যাবে বলেও তারা জানান।
বক্তব্য দেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জয়নাল আবেদীন বাবলু, উপজেলা বিএনপির সাবেক সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ পান্না, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আ. মান্নান ও পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন সরকার মনি প্রমুখ।
এ সময় অ্যাডভোকেট মোহাম্মদ আলী পক্ষের বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

