ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) দণ্ডিত ২৫ জন বাংলাদেশি প্রবাসীকে ক্ষমা করেছেন দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ঢাকায় ইউএই দূতাবাস রবিবার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট এই ক্ষমার সিদ্ধান্ত নেন। ক্ষমাপ্রাপ্ত সবাইকে মুক্তি দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে বাংলাদেশে আন্দোলনের সময় ইউএইতে কর্মসূচি পালন করায় দেশটির আইন লঙ্ঘনের অভিযোগে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার ও বিচার করা হয়। পরে অন্তর্বর্তী সরকার তাদের ক্ষমার জন্য অনুরোধ জানায়।
ইউএই দূতাবাস জানায়, এই মানবিক উদ্যোগ ইউএই নেতৃত্বের করুণা, সহনশীলতা ও ন্যায়বিচারের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। পাশাপাশি এটি ইউএই ও বাংলাদেশের গভীর ও ভ্রাতৃসুলভ সম্পর্কের পরিচায়ক। এর আগেও একই ধরনের ঘটনায় দণ্ডিত বাংলাদেশিদের কয়েক দফায় ক্ষমা করা হয়েছিল।

