দোহার (ঢাকা): ঢাকার দোহার থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মিরাজ ওরফে ওয়াসিম (২৪) নামে এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের নির্দেশনায় এবং দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রাকিবুল হাসান ইশানের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিকের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মো. এইচ এম ইমনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ১১ জানুয়ারি ২০২৬ তারিখে এই বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে ৭০ পিস ইয়াবাসহ আসামিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. মিরাজ ওরফে ওয়াসিম (২৪) উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া এলাকার মো. রফিকুল ইসলাম ও আমেনা খাতুনের ছেলে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দোহার থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

