সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন: কেন্দ্রীয় কমিটির সংবাদ সম্মেলন

ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): সোশ্যাল মিডিয়ায় পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির ঘোষণা দিয়ে প্রচারিত সংবাদকে মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। শনিবার (১৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুর এলাকায় দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমা বলেন, দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) এবং সাবেক সাধারণ সম্পাদক মিটন চাকমা দুর্নীতি, অর্থ আত্মসাৎ, দলীয় কর্মীদের সঙ্গে বৈষম্যমূলক আচরণসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এমনকি অর্থ উপার্জনের উদ্দেশ্যে ইয়াবা উৎপাদন ও বাজারজাতকরণের মতো গুরুতর অভিযোগও রয়েছে। এসব কর্মকাণ্ড গঠনতন্ত্রবহির্ভূত হওয়ায় দলীয় পদ হারানোর আশঙ্কায় তারা তাদের অনুগত ২০–২৫ জন সদস্যকে নিয়ে খাগড়াছড়ি ছেড়ে চলে যান।

তিনি আরও বলেন, “বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শ্যামল কান্তি চাকমা (তরু) তার অনুগত সদস্যদের নিয়ে সন্তু লারমা সমর্থিত জনসংহতি সমিতির কাছে আশ্রয় গ্রহণ করেন। এরপর তার নামে খোলা একটি আইডি থেকে দলের সাধারণ সম্পাদক অমল কান্তি চাকমার নাম ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় একটি বানোয়াট ও বিভ্রান্তিকর বিবৃতি প্রচার করা হয়। সেখানে ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির মতো একটি সম্পূর্ণ গঠনতন্ত্রবহির্ভূত ঘোষণা দেওয়া হয়।”

সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তির বিজ্ঞপ্তিকে মিথ্যা ও ভিত্তিহীন উল্লেখ করে অমল কান্তি চাকমা বলেন, কেন্দ্রীয় কমিটির শ্যামল কান্তি চাকমা ও মিটন চাকমা ব্যতীত বাকি সব সদস্য বর্তমানে খাগড়াছড়ি জেলাতেই অবস্থান করছেন। তাছাড়া কেন্দ্রীয় কমিটির অধিকাংশ সদস্যের সম্মতি ছাড়া এ ধরনের ঘোষণা সম্পূর্ণ অবান্তর। আমরা এই ঘোষণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্ত হয়নি এবং দলের কার্যক্রম আগের মতোই চলমান থাকবে। একই সঙ্গে দলের বিরুদ্ধে সশস্ত্র গ্রুপ থাকার অভিযোগও তিনি অস্বীকার করেন।

সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা জানান, দলের সভাপতি শ্যামল কান্তি চাকমা (তরু) চলে যাওয়ায় সংগঠনে তেমন কোনো প্রভাব পড়বে না। দলীয় কার্যক্রম পূর্বের মতোই স্বাভাবিক প্রক্রিয়ায় চলবে। বর্তমানে দলের সহ-সভাপতি সমীরণ চাকমা ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা কোনো প্রার্থীকে সমর্থন দিচ্ছি না। জনগণের বিবেচনাকেই প্রাধান্য দেওয়া হবে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর সহ-সভাপতি সমীরণ চাকমা, সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপন চাকমা, কেন্দ্রীয় সদস্য সবিনয় চাকমাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইউপিডিএফ (গণতান্ত্রিক) বিলুপ্তি সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়, যা ব্যাপকভাবে আলোচিত হয়।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *