সর্বশেষ :
19 Oct 2026, Mon

পেটে করে ইয়াবা পাচার: মাতুয়াইলে বাস থেকে নামার সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পেটে করে ইয়াবা পাচার: মাতুয়াইলে বাস থেকে নামার সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা: রাজধানীর মাতুয়াইলে অভিনব কায়দায় পেটের ভেতর ইয়াবা বহন করে পাচারের সময় মো. মাসুদ রানা (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। তার পেট থেকে বের করা হয়েছে ২ হাজার ৪৩৫ পিস ইয়াবা, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৭ লক্ষ ৩০ হাজার ৫০০ টাকা।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ১৬ জানুয়ারি শুক্রবার রাত আনুমানিক ১১:৩৫ মিনিটে ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন মাতুয়াইল ইউটার্ন সংলগ্ন মুক্তি ফিলিং স্টেশনের সামনে একটি চেকপোস্ট বসানো হয়। চট্টগ্রাম থেকে ঢাকাগামী মহাসড়কে তল্লাশি চলাকালীন কক্সবাজার থেকে আসা ‘জেদ্দা এক্সপ্রেস’ পরিবহনের একটি বাস থেকে নেমে একজন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করেন। এসময় র‍্যাবের আভিযানিক দল তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি মো. মাসুদ রানা (৩২), কদমতলী থানার জুরাইন (মুরাদপুর) এলাকার নাজমুল হকের ছেলে।

আটক করার পর মাসুদ রানাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি স্বীকার করেন যে, তিনি বিশেষ পদ্ধতিতে ইয়াবা সেবন করে পেটের ভেতর বহন করছেন। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকের পরামর্শে এক্স-রে করা হলে তার পেটের ভেতর বস্তুসদৃশ কিছুর অস্তিত্ব পাওয়া যায়।

পরবর্তীতে আজ ১৭ জানুয়ারি শনিবার সকাল ৭:০০ ঘটিকায় চিকিৎসকের দেওয়া বিশেষ ওষুধের মাধ্যমে মলত্যাগের ব্যবস্থা করা হলে তার পেট থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ৪৯টি পোটলা বের করা হয়। এসব পোটলা থেকে মোট ২ হাজার ৪৩৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃত মাসুদ রানা একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব-১০ জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *