সর্বশেষ :
19 Oct 2026, Mon

নবাবগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে বর্বরোচিত হামলা- নিহত ১

নবাবগঞ্জে পারিবারিক শত্রুতার জেরে বর্বরোচিত হামলা- নিহত ১

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় পারিবারিক পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের বর্বরোচিত হামলায় আওলাদ হোসেন (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বান্দুরা ইউনিয়নের মহব্বতপুর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আওলাদ হোসেন ওই গ্রামের মৃত আব্দুল লতিফ খলিফার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মহব্বতপুর গ্রামের আনোয়ারের পরিবারের সাথে স্থানীয় ইয়ামিনদের পরিবারের দীর্ঘদিনের বিরোধ চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় আনোয়ারের নেতৃত্বে মনির, ইমন, লেদু ও আবিরসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ইয়ামিনের বাড়িতে আকস্মিক হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে ঢুকে ইয়ামিনকে খুঁজতে থাকে। এ সময় ইয়ামিনের ফুফা আওলাদ হোসেন তাদের বাধা দিয়ে শান্ত করার চেষ্টা করলে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্র দিয়ে আওলাদ হোসেনের মাথায় সজোরে আঘাত করে।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা আওলাদ হোসেনকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনার পরপরই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আলম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক শত্রুতার জেরেই এই হামলা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। তিনি আরও জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেফতারে পুলিশের একাধিক দল অভিযান শুরু করেছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *