ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): পাহাড়ি ও বাঙালিদের মধ্যে ঐক্য বজায় রেখে কাজ করার আহ্বান জানিয়েছেন ২৯৮ নম্বর আসনের সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। মঙ্গলবার বিকেলে খাগড়াছড়ি শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপির আয়োজনে খাগড়াছড়ির বিশিষ্টজনদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
এ সময় তিনি পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সবার সহযোগিতায় খাগড়াছড়িকে একটি অসাম্প্রদায়িক জেলা হিসেবে গড়ে তুলতে পাহাড়ের সব সম্প্রদায়ের সহযোগিতা কামনা করেন তিনি।
মতবিনিময় সভায় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল মালেক মিন্টুর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য যতীন্দ্র লাল ত্রিপুরা, মারমা সম্প্রদায়ের প্রতিনিধি ও বিশিষ্ট লেখক মংপ্রু মারমা, খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান, সাবেক অধ্যক্ষ ড. সুধীন কুমার চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি হাফেজ উদ্দিন ভূঁইয়াসহ জেলা ও উপজেলার বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় বক্তারা খাগড়াছড়ি জেলার উন্নয়নে স্বাস্থ্যসেবা, সড়ক যোগাযোগ, শিক্ষা ব্যবস্থা, মন্দির, মসজিদ ও বৌদ্ধ বিহারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন এবং পাহাড়ে অর্থনৈতিক অগ্রগতির গুরুত্ব তুলে ধরেন।

