ঢাকা: রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি বাসা থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর সাত থেকে আট দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (১ জুন) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করে পল্লবী থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়।
পুলিশ জানায়, নুরজাহান বেগম মেয়ের বাসায় থাকলেও আলাদা একটি কক্ষে অবস্থান করতেন। কয়েকদিন ধরে তার কোনো সাড়া না পেয়ে মেয়ের ডাকা এক নার্স কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
পল্লবী থানার ওসি মো. হাসান বাসির জানান, দীর্ঘদিন পড়ে থাকায় মরদেহে পচন ধরেছিল এবং কক্ষে দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। ঘরটি ছিল অপরিচ্ছন্ন ও আবর্জনায় ভরা। ঘটনাস্থলের অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, তিনি দীর্ঘদিন অবহেলা ও পরিচর্যার অভাবে ছিলেন।
মৃত্যুর সময় ও কারণ সম্পর্কে পরিবারের পক্ষ থেকে সন্তোষজনক তথ্য না পাওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

