সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু, ঘাতক বাস আটক

পাঁচবিবিতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে যাত্রীবাহী বাসের ধাক্কায় আকাশ (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী যুবকের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পাঁচবিবি পৌর শহরের নাকরগাছি বিজনেস ম্যানেজমেন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রধান ফটকের সামনে জয়পুরহাট-হিলি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আকাশ জয়পুরহাট সদর উপজেলার মধুপুর গ্রামের মাছ ব্যবসায়ী মো. নজরুল ইসলামের ছেলে। তিনি একটি বেসরকারি কোম্পানিতে রিপ্রেজেন্টেটিভ হিসেবে চাকরি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আকাশ মোটরসাইকেলযোগে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় দিনাজপুরের হিলি থেকে ছেড়ে আসা পাবনাগামী সৌমিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে এসে তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থল থেকে আকাশকে উদ্ধার করে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ও স্থানীয় জনতা ধাওয়া করলে চালক ও হেলপার বাসটি ফেলে পালিয়ে যান। বাসটি জব্দ করে থানার হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *