সর্বশেষ :
19 Oct 2026, Mon

নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে স্ত্রীসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

নাটোরে শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে স্ত্রীসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

জেলা প্রতিনিধি (নাটোর): নাটোরে দুই শিশুর মধ্যে বিরোধের জেরে বায়েজিদ বিন মাহমুদ (৭) নামে এক শিশুর আঙুল কেটে দেওয়ার অভিযোগে পুলিশ কনস্টেবল সাকিল আহমেদ ও তাঁর স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে তাঁদের আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- নাটোর পুলিশ সুপারের কার্যালয়ে কর্মরত পুলিশ কনস্টেবল সাকিল আহমেদ (৩৮) ও তাঁর স্ত্রী নাছরিন (৩২)। সাকিল জয়পুরহাট জেলার সদর উপজেলার নিজামপুর চক বরকত এলাকার বাসিন্দা।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

শিশুটির বাবা মাহমুদুল হাসান মিলন অভিযোগ করে বলেন, চাকরির সুবাদে তিনি ঢাকায় থাকেন। বুধবার বাসার ভাড়াটিয়াদের উদ্যোগে একটি পিকনিকের আয়োজন করা হয়। সেখানে সাকিলের মেয়ের সঙ্গে বায়েজিদের ঝগড়া বা কথা-কাটাকাটি হয়।

তাঁর অভিযোগ, ওই ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে সাকিল ও তাঁর স্ত্রী বায়েজিদকে জোরপূর্বক একটি কক্ষে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাঁর ডান হাতের একটি আঙুল কেটে দেন।

পরে গুরুতর আহত অবস্থায় বায়েজিদকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার খবর পেয়ে শিশুটির বাবা নাটোরে এসে বাসার ভেতরে রক্তের চিহ্ন দেখতে পান বলে জানান। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে নাটোর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির কাটা আঙুলের অংশসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।

নাটোর সদর থানার ওসি মুনসুর রহমান বলেন, শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করার পরপরই কনস্টেবল সাকিল ও তাঁর স্ত্রী নাছরিনকে গ্রেপ্তার করা হয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *