পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে মো. ইয়ানূর হোসেন (৩৫) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ গ্রুপ। হামলায় তার সহযোগী আল-আমিন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কুসুম্বা ইউনিয়নের ঢাকারপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত ইয়ানূর উপজেলার ছালাখুর গ্রামের আলম হোসেনের ছেলে। তিনি যুবদলের একজন সক্রিয় কর্মী ছিলেন। স্থানীয়রা জানান, কিছুদিন আগে স্থানীয় একটি মসজিদের ওয়াজ মাহফিলের আদায়কৃত টাকার হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন ইয়ানূর। একই এলাকার মোস্তফার সঙ্গে মাহফিলের টাকার হিসাব-নিকাশ নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জেরে এর আগে ইয়ানূর ও মোস্তফা গ্রুপের মধ্যে কয়েক দফা হামলার ঘটনাও ঘটে।
বৃহস্পতিবার গভীর রাতে ইয়ানূর বন্ধু আল-আমিনসহ বাড়ি ফেরার সময় প্রতিপক্ষরা তাদের ওপর হামলা চালায়। তাদের আত্মচিৎকারে গ্রামবাসীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পথেই ইয়ানূরের মৃত্যু হয়। গুরুতর আহত আল-আমিনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মোঃ রায়হান জানান, ইয়ানূরের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।

