মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে ৮ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের চারজন প্রতিযোগী নয়টি ইভেন্টে উপজেলায় প্রথম স্থান অর্জন করে গৌরবময় ইতিহাস সৃষ্টি করেছে।
প্রথম স্থান অর্জনকারীরা হলেন, বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী মেহ জাবিন কথা, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার,
কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী মাইমুনা আক্তার এবং একক অভিনয় প্রতিযোগিতায় ১০ম শ্রেণির ছাত্রী সিরাতুন তাছনিয়া।
বিদ্যালয়ের সুনাম বয়ে আনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসীম উদ্দিন খোকন প্রথম স্থান অর্জনকারী চার শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান।
শিক্ষার্থীদের এই ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও এলাকাবাসী অত্যন্ত আনন্দিত। তাঁদের মতে, শিক্ষার্থীদের মেধা, পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনার ফলেই এই সাফল্য অর্জিত হয়েছে।
এই অর্জনের মাধ্যমে লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় আবারও প্রমাণ করল- শিক্ষা ও সংস্কৃতিচর্চায় প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ।
ছবিতে: উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান ও লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. নাজিম উদ্দিনের সঙ্গে নয় ইভেন্টে উপজেলায় প্রথম স্থান অর্জনকারী লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির চার শিক্ষার্থী।

