কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুর ইউনিয়নের পদ্মা নদীতে চরমপন্থি সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে পাবনার ঈশ্বরদীর লক্ষীকুণ্ডা নৌ-ফাঁড়ির ওসিসহ পাঁচ পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত আনুমানিক ২টার দিকে চরভবানিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- লক্ষীকুণ্ডা নৌ-ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শফিকুল ইসলাম, ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া। এদের মধ্যে শাহিনুর হকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পদ্মা নদীতে একটি গ্রুপ অবৈধভাবে বালু উত্তোলন করছিল। এ সময় ঈশ্বরদী নৌ পুলিশের একটি টহল দল সেখানে গিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২০-২৫ জনের একটি সশস্ত্র চরমপন্থি দল পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে, এতে পাঁচ পুলিশ সদস্য আহত হন। পাল্টা গুলিতে চরমপন্থি দলের অন্তত তিনজন আহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তারা পালিয়ে যেতে সক্ষম হয়।
আহতদের উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শাহিনুর হকের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

