সর্বশেষ :
19 Oct 2026, Mon

নির্বাচনী নিরাপত্তায় ঢাকা ও পার্শ্ববর্তী ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি

নির্বাচনী নিরাপত্তায় ঢাকা ও পার্শ্ববর্তী ৩ জেলায় নামছে ৩৮ প্লাটুন বিজিবি

ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে রাজধানী ঢাকাসহ চার জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে মাঠে নামছেন বিজিবি ৫ ব্যাটালিয়নের সদস্যরা।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান এ তথ্য জানান।

ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোট ৩৮ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবেন:

  • ঢাকা উত্তর সিটি কর্পোরেশন: ৫টি সংসদীয় আসনে ১১ প্লাটুন।

  • সাভার ও ধামরাই: ২টি আসনে ৬ প্লাটুন।

  • ফরিদপুর: ৪টি আসনে ১৩ প্লাটুন।

  • মানিকগঞ্জ: ৩টি আসনে ৮ প্লাটুন।

নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও তল্লাশি চালানো হবে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় থাকছে:

  • কে-৯ ডগ স্কোয়াড: গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থানে মোতায়েন থাকবে।

  • র‍্যাপিড অ্যাকশন টিম (RAT) ও কিউআরএফ (QRF): যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে।

  • আকাশপথ: প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের প্রস্তুতি রয়েছে।

  • প্রযুক্তি: স্বচ্ছতা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি ও আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করবেন।

লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান জানান, এবার ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশের ক্ষেত্রে বিজিবির ওপর নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে কিংবা কেন্দ্রে সহিংসতা বা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে বিজিবি তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

বিজিবি কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেন যে, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠিত হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *