বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের ধানের শীর্ষ প্রতীকের পক্ষে কারা নির্যাতিত নেতাকর্মীদের মা, স্ত্রী ও সন্তানেরা প্রচার-প্রচারণায় অংশ নিয়েছেন।
স্থানীয় নারী-পুরুষ ভোটারদের মাঝে বিগত দিনে দলের দীর্ঘদিনের লড়াই-সংগ্রামে দলীয় মামলায় কারাগারে থাকা সন্তানের মা, কারাগারে থাকা স্বামীর কষ্টের সঙ্গী স্ত্রী ও ভুক্তভোগী সন্তানেরা নিজেদের সেই সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করেন। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন শাসনামলের চিত্র তুলে ধরে আগামীর বাংলাদেশ বিনির্মাণে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ গড়ে তুলতে ধানের শীর্ষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
২৭ জানুয়ারি মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বড় গোবিন্দপুর ও নিশানতারা গ্রামে সাধারণ নারী-পুরুষ ভোটারদের কাছে ধানের শীর্ষ প্রতীকে ভোট প্রার্থনা করেন একাধিকবার কারা নির্যাতিত গাইবান্ধা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকতের স্ত্রী, ঢাকা ও গাইবান্ধা কারা নির্যাতিত পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজার স্ত্রীসহ স্থানীয় বিএনপি পরিবারের শতাধিক নারী কর্মী। তাঁরা উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন গ্রামে পৃথক পৃথকভাবে এই প্রচার-প্রচারণা পরিচালনা করেন।

