মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়ক-এর মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর দাঁড়িয়ে থাকা ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার বেলঘড়িয়া এলাকার ফরজ আলীর ছেলে কাভার্ডভ্যান চালক সোহাগ হোসেন এবং টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার চৌবাড়িয়া এলাকার ওহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন। বিপ্লব হোসেন তাকওয়া ফুড কোম্পানি-এর একজন বিক্রয় প্রতিনিধি ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় দাঁড়িয়ে ছিল। একই দিক থেকে আসা একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও এক যাত্রী নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

