নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় আবু রায়হান (৪৫) নামের এক বিএনপি নেতাকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়েছে বিএনপির অপর পক্ষের কর্মীরা। তিনি ইটালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং হিজলি গ্রামের অফিজ উদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার তাজপুর গ্রামীণ সড়কে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিংড়ায় বিএনপি নেতা দাউদার মাহমুদের চেম্বারে রাজনৈতিক আলোচনা শেষে বাড়ি ফেরার পথে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের সমর্থক বিএনপি নেতা আবু রায়হানকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে দুই পা রক্তাক্ত করেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর সমর্থক যুবদল নেতা সোহানুর রহমান সোহানসহ রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রবিউল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত বিএনপি নেতা আবু রায়হান বলেন, আনু সাহেবের লোকজন-সোহান, রমজান, আউয়াল, মিঠু, ফরহাদ ও রবিউল আমাকে কুপিয়েছে।
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ধানের শীষের প্রার্থী আনু সাহেবের লোকজন বিএনপি নেতাকে কুপিয়েছে। আহত আবু রায়হান বিগত ১৭ বছর ধরে দলের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। তিনি একজন ত্যাগী নেতা। যারা হামলা করেছে তারা হাইব্রিড বিএনপি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
নাটোর-৩ (সিংড়া) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাংবাদিকদের বলেন, এ বিষয়ে আমি কিছুই জানি না।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শিবলী নোমান বলেন, আহতের দুই পায়ের গোড়ালি সম্পূর্ণ ভেঙে গেছে। বড় ধরনের অপারেশন প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সিংড়া থানার ওসি আ স ম আব্দুন নূর বলেন, ঘটনাটি শুনেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

