সর্বশেষ :
20 Oct 2026, Tue

সারাদেশে ১ লাখ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে

সারাদেশে ১ লাখ সৌর প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ লাখ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে

আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): সিলেট বিভাগে নবায়নযোগ্য জ্বালানি, বিশেষ করে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহারে জনসচেতনতা ও অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আজ বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়ন পরিষদে সমাজের জনপ্রতিনিধিদের সঙ্গে সকাল ১১টায় এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা (ইমাম ও পুরোহিত), সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, সামাজিক ক্লাবের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।

এই সামাজিক পরামর্শ সভার মূল উদ্দেশ্য ছিল স্থানীয় অংশীজনদের সঙ্গে সরাসরি সংলাপের মাধ্যমে রুফটপ সোলার ব্যবহারের প্রয়োজনীয়তা, সম্ভাবনা ও সুফল তুলে ধরা এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ স্থাপনের মাধ্যমে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে সে সম্পর্কে সবাইকে অবহিত করা।

সভায় জ্বালানি সংকট মোকাবিলা, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব ও টেকসই জ্বালানি ব্যবস্থার দিকে অগ্রসর হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনায় অংশগ্রহণকারীরা রুফটপ সোলার বাস্তবায়নে স্থানীয় পর্যায়ের চ্যালেঞ্জ, সুযোগ এবং জনগণের প্রত্যাশা তুলে ধরেন। স্থানীয় ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দ তাদের নিজ নিজ অবস্থান থেকে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার আগ্রহ প্রকাশ করেন এবং কমিউনিটির মানুষকে রুফটপ সোলার বেছে নিতে উৎসাহিত করার অঙ্গীকার করেন।

আইডিয়া-এর প্রতিনিধি তামান্না বলেন, “বসতবাড়িতে রুফটপ সোলার স্থাপন জনপ্রিয় করা সম্ভব হলে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সারাদেশে সৌর প্যানেলসহ এর সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রাংশের একটি বিপুল বাজার সৃষ্টি হবে, যা আমাদেরকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করবে এবং জ্বালানি আমদানির ওপর চাপ কমাবে।” তিনি আরও বলেন, সারাদেশে এক লাখ সৌরবিদ্যুৎ প্যানেল প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় এক লাখ কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

পরিবেশ ও উন্নয়ন ফোরামের প্রতিনিধি নোমান খান বলেন, “ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ শুধু বিদ্যুতের চাহিদাই পূরণ করবে না, বরং নেট মিটারিং সুবিধার ফলে আমাদের আয় করতেও সহায়তা করবে।”

এই কনসালটেশন সভায় কমিউনিটির মতামত ও পরামর্শকে ভবিষ্যৎ অ্যাডভোকেসি কার্যক্রমে অন্তর্ভুক্ত করার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে অংশগ্রহণকারীদের সক্রিয় ভূমিকা ও সমন্বয় এই উদ্যোগের সফলতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *