সর্বশেষ :
19 Oct 2026, Mon

নলডাঙ্গায় শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

নলডাঙ্গায় শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ

মনিরুল ইসলাম ডাবলু, নলডাঙ্গা (নাটোর): নাটোরের নলডাঙ্গায় আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে শ্রমিকের নিরাপত্তাসহ ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মেয়র প্রার্থীর লিফলেট বিতরণ করা হয়েছে। লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নলডাঙ্গা পৌরসভার জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সহকারী অধ্যাপক ড. মোঃ জিয়াউল হক জিয়া। তিনি সকল শ্রমিক সমাজকে ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালনের আহ্বান জানান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নলডাঙ্গা উপজেলা শাখার উদ্যোগে এ লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

লিফলেট বিতরণকালে তিনি বলেন, ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরে ৮ ঘণ্টা কর্মদিবস, ন্যূনতম মজুরি ও চাকরির নিরাপত্তাসহ তিনটি দাবিতে ডাকা শ্রমিক ধর্মঘটে পুলিশের লাঠিচার্জ ও গুলিতে বেশ কয়েকজন শ্রমিক নিহত এবং অসংখ্য শ্রমিক আহত হন। এর প্রতিবাদে বিশ্বব্যাপী আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়লে অবশেষে দাবি মেনে নেওয়া হয়। সেই থেকে প্রতিবছর ১ মে দিবসটি সারা বিশ্বে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়ে আসছে।

তিনি আরও বলেন, বেতন-ভাতাসহ নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ৬ মাস করা এবং কর্মক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র পরিচালনায় শ্রমিকদের অংশীদারিত্ব দিতে হবে এবং সংসদ নির্বাচনে শ্রমিকদের জন্য ৩০টি সংরক্ষিত আসন নিশ্চিত করতে হবে। ১৩৯ বছর পার হলেও আজও এসব দাবি যথাযথভাবে পূরণ হয়নি। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন প্রতিবছর দিবসটি বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নলডাঙ্গা উপজেলা সভাপতি মো. মামুনুর রশীদ মোল্লা, সেক্রেটারি মো. আব্দুল মালেক রব্বানী, নলডাঙ্গা পৌরসভার সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. নয়ন ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি মো. জিয়ারুল ইসলামসহ অন্যান্যরা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *