দোহার (ঢাকা): ঢাকার দোহারের নারিশা পশ্চিম চর বেলতলা এলাকায় জামাল উদ্দিন তালুকদারের বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বাড়ির মালিক জামাল উদ্দিন তালুকদার জানান, বুধবার রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ৮-৯ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ঘরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে প্রায় ৪৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা এবং ৩টি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে দোহার সার্কেলের এএসপি মো. শামিম হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

